সীমিত আকারে খুলেছে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও প্রয়োজন অনুসারে সীমিত আকারে খুলেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ।
রোববার থেকে এসব মন্ত্রণালয় ও বিভাগে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে ছুটির মধ্যেও ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এ আদেশ বাতিল করে প্রয়োজন অনুসারে মন্ত্রণালয়, বিভাগ ও তাদের অধীন অফিস খোলা রাখতে পারবে বলে নির্দেশনা দিয়ে শনিবার সচিবদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
.png)
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ বলেন, আগে আমরা নিদিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার নির্দেশনা দিয়েছিলাম, সে আদেশ প্রত্যাহার করেছি। সব সচিবকে তাদের প্রয়োজন অনুসারে মন্ত্রণালয়ের অধীন অফিস খুলতে বলেছিলাম। অর্থাৎ যেসব মন্ত্রণালয় ও বিভাগ জরুরি মনে করবে সীমিত আকারে অফিস খোলা রাখতে পারবে। তবে কর্মীদের যাতায়াতের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাই ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
এ বিষয়ে শেখ ইউসুফ হারুণ বলেন, কীভাবে তারা তাদের কর্মীদের অফিসে আনা-নেয়া করবেন সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাই দেখবেন।
এর আগে প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরে তিন দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।
সর্বশেষ পঞ্চম ধাপে বিভিন্ন নির্দেশনা পালন সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।