[ দেশজুড়ে ]
মুক্তাগাছা থানায় হামলা-ভাঙচুর, ১১ জনের বিরুদ্ধে মামলা
মুক্তাগাছা থানার প্রধান ফটকের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের মুক্তাগাছা থানায় ওসির কক্ষে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কথাকাটাকাটির জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ওরফে টুটুলকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার রাতে মুক্তাগাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ওরফে টুটুল থানায় যান। এ সময় কনস্টেবল বকুল মিয়া তাকে জানান, থানার ওসি ও অন্যান্য কর্মকর্তারা জরুরি বৈঠকে রয়েছেন। তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
.png)
এ নিয়ে কনস্টেবল বকুল মিয়ার সঙ্গে আরিফ রব্বানীর কথাকাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে একদল লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মুক্তাগাছা থানার প্রধান ফটকের সামনে আসে। তারা সেখানে ভাঙচুর চালায়। এ সময় থানার পাশের ট্রাফিক বক্সেও ভাঙচুর করা হয় বলে পুলিশ জানায়।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!