লোভী ব্যবসায়ীরাই আসল ‘করোনাভাইরাস’ : রুবেল
করোনাভাইরাসের আতঙ্কে পুরো বিশ্ব। করোনাভাইরাস থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। কিন্তু এরমধ্যেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েই চলেছে দেশের ব্যবসায়ীরা। এমন ভয়ংকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যহ্রাস করেছে অনেক দেশই।
আর তাই বাংলাদেশের লোভী ব্যবসায়ীদের এক হাত দেখে নিলেন জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার রুবেল হোসেন। তার মতে, লোভী ব্যবসায়ীরাই দেশের আসল ‘করোনাভাইরাস’।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা স্ট্যাটাস দিয়েছেন রুবেল হোসেন।
তিনি লিখেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল। অথচ মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০-১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!
শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয়, আমরা সবাই এক নই। কেন?
মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’