‘মাটি খেকো’ চক্রের চোখ পাহাড়ে
কক্সবাজারের উখিয়ায় ব্যাপকহারে দালান, বাড়িঘর ও মার্কেট নির্মাণ চলছে। এসব স্থাপনা নির্মাণের আগে ভিটে তৈরিতে মাটি ব্যবহার করা হচ্ছে। তাই উপজেলায় মাটির চাহিদা তুঙ্গে। এ সুযোগে মাটির যোগান দিতে পাহাড়ে চোখ পড়েছে ‘মাটি খেকো’ চক্রের।
সরেজমিনে দেখা যায়, ইনানী রেঞ্জের জালিয়াপালং বন বিটের অধীনের দক্ষিণ পাইন্যাশিয়া ও জুম্মা পাড়ায় বনভূমি এবং পাহাড় কাটা হচ্ছে। বন বিভাগকে মোটা অঙ্কের টাকা দিয়ে ট্রাক-পিকআপ ও ডাম্পার ভর্তি করে হাজার হাজার ঘনফুট মাটি পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ মাটি পাচারে একটি ‘বড় চক্র’ জড়িত বলে দাবি করেন তারা।
পাহাড় এলাকা পরিদর্শন করে জানা গেছে, পাহাড়ে মাটি কাটার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তবে রাতে মাটি কাটার চক্রটি নিরাপদে ট্রাক ডাম্পার ও পিকআপ যোগে মাটি ভর্তি করে। এরপর কোটবাজার, মরিচ্যা, রত্নাপালং, রুমখা বাজারসহ বিভিন্ন স্থানে পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কেউ পাহাড়ের মাটি কাটা ও মাটি পাচারে বাধা দিলে মাটি খেকো চক্রের সদস্যরা হুমকি-ধমকি দেয়। এতে এখন কেউ মুখ খুলতে রাজি হয় না। ফলে দক্ষিণ পাইন্যাশিয়া ও জুম্মা পাড়ায় পাহাড় কাটার ধুম পড়েছে। এছাড়া পাহাড় কাটার দৃশ্য বনবিভাগ দেখলেও নীরব ভূমিকা পালন করছে।
এ ব্যাপারে ইনানী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হোসেন জানান, এরইমধ্যে পাহাড় কাটার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মামলা করা হয়েছে। এছাড়া মাটি কাটায় বাকি জড়িতদের দমন করতে অভিযান অব্যাহত রয়েছে।