আলোচিত তুহিন হত্যায় ভাইকে আটকাদেশ
সুনামগঞ্জে আলোচিত তুহিন হত্যায় তার চাচাতো ভাই শাহরিয়ার আহমদকে আট বছরের আটকাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আটকাদেশ দেন।
আটকাদেশ প্রাপ্ত শাহরিয়ার সুনামগঞ্জের দিরাইয়ের কেজাউরা গ্রামের বাসিন্দা।
শিশু আদালতে পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, দ্রুত সময় আলোচিত তুহিন হত্যায় এক আসামির রায় দেয়া হয়েছে। আসামির বয়স ১৮ বছরের কম থাকায় তাকে আট বছরের আটকাদেশ দেয়া হয়েছে। ১৬ মার্চ তুহিন হত্যা মামলায় বাকি আসামিদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রায় দেবেন।
মামলার তথ্যানুযায়ী, ২০১৯ সালের ১৪ অক্টোবর গভীর রাতে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু তুহিনকে গলা কেটে হত্যা করা হয়। এরপর তার যৌনাঙ্গ কেটে ও দুটি চাকু পেটে ঢুকিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে স্বজনরা। এ ঘটনায় বাদী হয়ে তুহিনের মা দিরাই থানায় মামলা করেন। সেই মামলায় তুহিনের বাবা আবদুল বাছির, চাচা নাসির উদ্দিন, আবদুল মছব্বির, জমসেদ আলী ও ১৭ বছরের চাচাতো ভাই শাহরিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৩০ ডিসেম্বর তুহিন হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।