ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের সুপার লিগে খেলবেন জামাল ভূঁইয়া!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ১২ জুন ২০২০
ভারতের সুপার লিগে খেলবেন জামাল ভূঁইয়া!
জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের পায়ের জাদুতে এদেশের দর্শকদের মুগ্ধ করেছেন। তার ফুটবলশৈলীতে মুগ্ধ ভারতের কিছু ক্লাবও। গত বছর অক্টোবরে কলকাতায় অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন তিনি। তখন থেকেই জামালের ওপর ভারতীয় ফুটবল সংগঠকদের নজর ছিল। এবার শোনা যাচ্ছে ভারতীয় লিগে খেলতে পারেন তিনি। 

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলছেন জামাল ভূঁইয়া। সম্প্রতি খবর বেড়িয়েছে, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সঙ্গে জামালের এজেন্টের বেশ আলোচনা চলছে। তথ্যটি প্রকাশ করেছে ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ডটকম। এখন দুইয়ে-দুইয়ে চার মিলে গেলেই আগামি মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশ অধিনায়ককে।

এ বিষয়ে জামাল ভূঁইয়ার এজেন্ট জানিয়েছেন, ‘এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছে আলোচনা। ক্লাবটির অফিসিয়ালরা জানিয়েছে এখনো তারা তাদের কোচ চূড়ান্ত করেনি। কোচ নিয়োগ হলে তারপরই আলোচনা আরো এগিয়ে নিতে পারব। এছাড়া আমরা নর্থ-ইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্সের সঙ্গেও আলোচনা করেছি। এর আগে এফসি গোয়ার সঙ্গে কথা হয়েছিল। তবে তাদের ঐ পজিশনে খেলোয়াড় ঠিক হয়ে আছে।’

Advertisement

তবে জামাল ভূঁইয়াকে প্রস্তাব দেয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছে উড়িষ্যা ক্লাবের এক পরিচালক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘এটা একদম মিথ্যা কথা। জামালের এজেন্ট উড়ো খবর তৈরির চেষ্টা করছে।’ 

ঘটনা যাই হোক, জামাল ভূঁইয়া যদি শেষ পর্যন্ত সত্যিই আইএসএলের কোনো ক্লাবে যোগ দেন তাহলে সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের পর তিনিই হবেন এই টুর্নামেন্টে খেলা দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!