ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিক্ষা ]

ফিরে দেখা: নিল আর্মস্ট্রং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ২৫ আগস্ট ২০১৯
ফিরে দেখা: নিল আর্মস্ট্রং

চাঁদে অবতরণকারী প্রথম মানুষ ও মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং ২০১২ সালের আজকের এই দিনে (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওহাইও’র সিনসিনাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

নিল আর্মস্ট্রং ১৯৩০ সালের ৫ আগষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও’র ওয়াপাকোনেটা শহরে জন্মগ্রহন করেন। ছেলেবেলা থেকে নিল আর্মস্ট্রংয়ের আমেরিকার ২০ টি ভিন্ন শহরে থাকার অভিজ্ঞতা ছিল।

আর্মস্ট্রং পড়াশোনা করেন পার্ডু বিশ্ববিদ্যালয় এবং পরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে। নভোচারী হওয়ার আগে আর্মস্ট্রং মার্কিন নৌবাহিনীর বৈমানিক ছিলেন। তিনি কোরীয় যুদ্ধে অংশ নেন। এর পর ড্রাইডেন ফ্লাইট রিসার্চ সেন্টারের পরীক্ষামূলক বিমান চালক হিসেবে যোগ দেন। বিভিন্ন পরীক্ষামূলক বিমান নিয়ে তিনি ৯০০ এর ও অধিক বার উড্ডয়ন করেন।

আর্মস্ট্রং এর পরবর্তী ও শেষ অভিযান হয় এপোলো ১১ নভোযানের অভিযান নেতা হিসেবে। এই অভিযানে তিনি ১৯৬৯ সালের ২০ জুলাই গ্রীনউইচ মান সময় ১২:৩৬ পিএম এ প্রথম মানুষ হিসেবে চাঁদে অবতরণ করেন। এখানে আর্মস্ট্রংয়ের সহকারী এডুইন অল্ড্রিন জুনিয়রও অবতরণ করেন। চাঁদে তারা ২.৫ ঘণ্টা কাটান। 

অ্যাপোলো ১১ এর পরে আর্মস্ট্রং আর মহাকাশ অভিযানে যাননি। তিনি ১৯৭৯ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব সিনসিনাটির উড্ডয়ন প্রকৌশলের অধ্যাপক হিসেবে কাজ করেন।

১৯৬৯ সালের ২৭ অক্টোবর বিকেলে ঢাকা এয়ারপোর্টের (বর্তমান তেজগাঁও পুরাতন বিমানবন্দর) অবতরণ করে চন্দ্র বিজয়ীদের বহনকারী বিমান। ভারতের মুম্বাই থেকে পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানী ঢাকা এসে পৌঁছায় তারা।

নভেম্বর ২০১১ তে আরো তিন নভোচারীর সঙ্গে নিল আর্মস্ট্রং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল অর্জন করেন।

ডেইলি বাংলাদেশ/এমএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!