ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

‘ডিএনসিসির ৩৬ ওয়ার্ডে হবে স্যাটেলাইট অগ্নি নির্বাপণ স্টেশন’

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:০৮, ৩ জুন ২০২০
‘ডিএনসিসির ৩৬ ওয়ার্ডে হবে স্যাটেলাইট অগ্নি নির্বাপণ স্টেশন’
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলছেন, ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১টি করে স্যাটেলাইট অগ্নি নির্বাপণ স্টেশন স্থাপন করা হবে। এর ফলে অল্প সময়ের মধ্যে অগ্নি নির্বাপণ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এ স্যাটেলাইট স্টেশনে মশা নিধন, প্রাথমিক চিকিৎসা ইত্যাদির ব্যবস্থাও থাকবে।

বুধবার রাজধানীর মিরপুর মাজার রোডে ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ডে কমিউনিটি সেন্টারে প্রথম কর্পোরেশন সভায় তিনি এসব কথা জানান।

এসময় তিনি জানান, ডিজিটালি নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে ‘সবার ঢাকা’ অ্যাপ এর কার্যক্রম দ্রুত শুরু হবে। ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে নগরবাসী যেকোনো স্থান থেকে ডিএনসিসির সেবা এবং কাজের ব্যাপারে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ সমাধানের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। তাছাড়া নাগরিকরা যাতে অনলাইনে যেকোনো স্থান থেকে হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধনসহ অন্য নাগরিক সেবা গ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে।

প্রতি মাসে একবার ফেসবুক লাইভের মাধ্যমে নগরবাসীর অভিযোগ, চাওয়া-পাওয়া, সমস্যা ইত্যাদি নিয়ে সরাসরি কথা বলার জন্য তিনি কাউন্সিলরদের আহ্বান জানান। এর ফলে নগরবাসীর সমস্যাগুলোর ব্যাপারে তাৎক্ষণিক বা দ্রুততম সময়ে সমাধান করা সম্ভব হবে।

কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে মেয়র বলেন, দুর্নীতিবাজ যেই হোক না কেনো, তাকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। দুর্নীতির ব্যাপারে আমাদের ‘জিরো টলারেন্স’।

রাজস্ব আদায় সম্পর্কে মেয়র বলেন, মার্চ থেকে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধ রয়েছে। হোল্ডিং ট্যাক্স আদায়ের উপর তিনি গুরুত্বারোপ করেন। তবে এ তিন মাসে যে ১৫ শতাংশ সারচার্জ বা জরিমানা হয়েছে তা দিতে হবে না বলেও জানান তিনি। আগামী অর্থবছর থেকে সম্প্রসারিত এলাকার ১৮টি ওয়ার্ডে অবস্থিত শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় করা হবে বলেও জানান মেয়র। তবে এখনই হোল্ডিং ট্যাক্স বা গৃহকর আদায় করা হবে না।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/আরআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!