ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেন দাঁড় করিয়ে গার্ড গেলেন শ্বশুরবাড়ি, যাত্রীদের দুর্ভোগ 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৩১ অক্টোবর ২০১৯
ট্রেন দাঁড় করিয়ে গার্ড গেলেন শ্বশুরবাড়ি, যাত্রীদের দুর্ভোগ 
ফাইল ছবি

চট্টগ্রাম-নাজিরহাট কমিউটার ডেমু-৪ ট্রেনটি একটি স্টেশনে থামার পর ট্রেনের একমাত্র গার্ড কাউকে না বলে চলে গেলেন শ্বশুরবাড়িতে।

৫ মিনিট বিরতির পর লোকোমোটিভ মাস্টার ট্রেন ছাড়ার মুহূর্তে গার্ডের সিগন্যাল পাচ্ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রেন ফেলে গার্ড গেছেন শ্বশুরবাড়িতে।

ওই ট্রেনের একমাত্র গার্ড মো. জুনায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার ওই গার্ডকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

জানা যায়, ওই ট্রেনের লোকোমাস্টার ছিলেন মো. মহিউদ্দিন। ২৯ অক্টোবর নাজিরহাট থেকে ঠিক সময়ে ছেড়ে আসে ট্রেন। হাটহাজারী স্টেশনে এলে গার্ড জুনায়েদ কাউকে না বলে ৫ কিলোমিটার দূরের শ্বশুরবাড়িতে চলে যান।

ট্রেনটি হাটহাজারী ছেড়ে ফতেয়াবাদ জংশনে এসে পৌঁছায়। কিন্তু ফতেয়াবাদ হতে ‘লাইন ক্লিয়ার’পাওয়ার পর গার্ডের সিগন্যাল না পাওয়ায় লোকোমাস্টার মহিউদ্দিন ট্রেন ছাড়তে পারেননি। গার্ডকে না পেয়ে তিনি স্টেশন মাস্টার মো. আরিফের মাধ্যমে পাহাড়তলী কন্ট্রোল অফিসকে বিষয়টি অবহিত করেন।

কন্ট্রোলার ও লোকোমাস্টার ফোনে গার্ড জুনায়েদকে দ্রুত ট্রেনে যোগ দিতে বলেন। জুনায়েদ হাটহাজারী থেকে সিএনজি অটোরিকশা নিয়ে ফতেয়াবাদ আসার পর ওই ট্রেন ছাড়ে। এতে প্রায় এক ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, ওই ট্রেনের গার্ডকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!