ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

জয়ে শুরু টাইগার যুবাদের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৯
জয়ে শুরু টাইগার যুবাদের
ছবি : সংগৃহীত

নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে টাইগার যুবারা। ১৭৭ রানের ছোট লক্ষ্য পেরিয়ে যেতে বাংলাদেশের হাতে ছিল আরো ৬৮ বল।

রোববার লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। প্রথম ওভারে রাইস মারিউকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন শরিফুল। লেগ স্টাম্পে পরে সুইং করে বেরিয়ে যাওয়া বল উড়িয়ে দেয় ব্যাটসম্যানের অফ স্টাম্প। কনর আনসেলকে বোল্ড করে শিকার শুরু করেন মৃত্যুঞ্জয়ও।

সফরকারীদের দারুণ বোলিংয়ে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে কিউই ব্যাটসম্যানদের। ৩০ ছুঁতে পেরেছেন কেবল দুইজন। ওলি হোয়াইট করেন ৩০, কিপার বেন পোমার ফিরেন ৪০ রান করে। মৃত্যুঞ্জয় ও শরিফুল ৩ উইকেট করে নেন।

 জবাবে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেন পারভেজ হোসেন। বাঁহাতি স্পিনার জেসে টাসকফের বলে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার তানজিদ হাসান।

মাহমুদুল হাসান ও তৌহিদ ফিরেন থিতু হয়ে। আরডি জ্যাকসনের অফ স্টাম্পের বাইরের সাদামাটা এক ডেলিভারিতে কাট করতে গিয়ে শেষ হয় মাহমুদুলের ২৮ রানের ইনিংস। টাসকফকে বেরিয়ে এসে ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন হৃদয়।

৯৯ রানে প্রথম চার উইকেট হারানো বাংলাদেশকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন আকবর ও শাহাদাত। বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তোলেন বাংলাদেশ অধিনায়ক। শাহাদাতের সঙ্গে ৮১ রানের জুটিতে তারও অবদান ৬৫। এই রান করতে ৬১ বলে হাঁকান ১১ চার। সাবধানী ব্যাটিংয়ে এক চারে ২৪ রানে অপরাজিত থাকেন শাহাদাত।

একই ভেন্যুতে আগামী বুধবার হবে দ্বিতীয় ওয়ানডে।

ডেইলি বাংলাদেশ/আরএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!