চুয়েটে টাওয়ার ডিজাইন প্রতিযোগিতা’র ওরিয়েন্টেশন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে রোববার দুপুর ১২টায় টাওয়ার ডিজাইন প্রতিযোগিতা- ২০২০ এর ওরিয়েন্টেশন হয়েছে।
এ ওরিয়েন্টেশনের আয়োজন করে অ্যামেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই), চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার ও টেলিকমিউনিকেশন অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. রবিউল আলম। এতে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
.png)
অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন অ্যামেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই), চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার-এর ফ্যাকাল্টি এডভাইজার ও স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম। ইডটকো’র স্ট্রাকচারাল ডিজাইন ম্যানেজার প্রকৌশলী শরিফুল হক এবং ইডটকো’র প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী ফারহানা ইসলামের উপস্থাপনায় সেশনের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ইডটকো’র ইঞ্জিনিয়ারিং ডিপ্লয়মেন্ট ম্যানেজার প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ও মাস্টার্সের শিক্ষার্থীদের নিয়ে টাওয়ার ও ফাউন্ডেশন বিষয়ক সৃজনশীল ডিজাইন দক্ষতা বাড়াতে উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। অভিনব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে এসব ডিজাইন তৈরি করা হবে। প্রত্যেকটি দল একজন পুরকৌশল বিভাগের শিক্ষার্থীসহ ২-৪ জনের সমন্বয়ে গঠিত হবে।
প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকছে মোট ৪ লাখ ২৫ হাজার টাকা। যার মধ্যে প্রথম পুরস্কার ২ লাখ ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১ লাখ ২৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হবে ১২ মার্চ থেকে ২৬ এপ্রিল, ২০২০ পর্যন্ত। এছাড়া প্রতিযোগীরা উক্ত প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোপ পাবেন।