গাজীপুরে ফ্যান কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১০
গাজীপুরে একটি ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো পাঁচজন।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার বাড়িয়া ইউপির কেশোরিতা এলাকার লাক্সারি ফ্যান তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জেলা সদরের বাড়িয়া ইউপির কেশরিতার বাসিন্দা মো. খলিল, উত্তম, জেলার শ্রীপুর উপজেলার মার্তা এলাকার মো. রাশেদ, মো. শামীম ও রংপুরের ফরিদুল ইসলাম।
দগ্ধদের মধ্যে কেশরিতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন ও সদর উপজেলার যামুনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. হাসান মিয়াকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, লাক্সারি ফ্যান তৈরির কারখানার তিনতলায় আগুন লাগে। হঠাৎ অগ্নিকাণ্ডে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ভেতর থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, তিনতলার দরজার কাছে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ায় শ্রমিকরা ভেতরে চলে যান। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তারা আটকা পড়েন।