ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খেলোয়াড়দের সতর্ক করতে চাচ্ছে বিসিবি!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১২, ৩ ফেব্রুয়ারি ২০২০
খেলোয়াড়দের সতর্ক করতে চাচ্ছে বিসিবি!
ফাইল ফটো

নিরাপত্তা অজুহাতে পাকিস্তান সফরে দল থেকে নাম সরিয়ে নিয়েছিলেন মুশফিকুর রহিম।  আর তাই গুঞ্জন উঠেছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুশফিকুর রহিমকে নেয়া হচ্ছে না ।  এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।  তবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, ফিট থাকলে মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন।

জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে চান মুশি।  হ্যামস্ট্রিং ইনজুরি মুক্ত হয়ে বিসিএলের পরের রাউন্ডে খেলার জন্য তৈরিও হচ্ছেন। তিনি জেনেও গেছেন, জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দলে তাকে না রাখতে একটি মহল উঠেপড়ে লেগেছে। কারণ মুশফিককে বাদ দিয়ে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বার্তা দিতে চান তারা।

সাকিব আল হাসান ও তামিম ইকবাল একাধিকবার ছুটি নিয়েও জাতীয় দলে ফিরে সব ধরনের ক্রিকেট খেলার সুযোগ পান। মুশফিকের ক্ষেত্রে সেটা মানা হবে না কেন, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'মুশফিককে জিম্বাবুয়ে সিরিজে নেয়া হলে তার জায়গায় এখন যে পাকিস্তানে যাচ্ছে তাকে বাদ দিতে হবে।  আবার এপ্রিলে যখন পাকিস্তানে দ্বিতীয় টেস্ট খেলতে যাবে তখন আরেকজন ঢুকবে। এতে করে যাকে এখন নেয়া হচ্ছে তার প্রতি অবিচার করা হয়।  তাকে পর্যাপ্ত সুযোগ দিতেই হয়তো নির্বাচকরা এভাবে চিন্তা করছেন। বিষয়টি নিয়ে মুশফিকের সঙ্গে কথা বললেই পরিষ্কার হবে।'

Advertisement

তবে নির্বাচক হাবিবুল বাশার এই বিতর্কে যেতে চান না।  আপাতত পাকিস্তান সফর নিয়ে ফোকাস করার পক্ষে তিনি।  জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, 'হ্যামস্ট্রিং ইনজুরি আছে মুশফিকের। ফিট হলে তার মতো একজন ব্যাটসম্যানকে নিয়ে অবশ্যই ভাববে বোর্ড।'

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!