ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

কুবিতে অনুপস্থিত শিক্ষার্থী মেধা তালিকায় আসার ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৩০ নভেম্বর ২০১৯
কুবিতে অনুপস্থিত শিক্ষার্থী মেধা তালিকায় আসার ঘটনায় তদন্ত কমিটি
ছবিঃ ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুপস্থিত শিক্ষার্থীর নাম মেধাতালিকায় আসার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

তদন্ত কমিটি গঠনের ব্যাপারে তিনি বলেন, যেহেতু গণমাধ্যমে এ ধরণের খবর এসেছে তাই ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তদন্ত কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার ও সদস্য সচিব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক।

গত ৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় ২০৬০৫০ রোলধারী মো. সাজ্জাতুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে উপস্থিতি তালিকায় অনুপস্থিত দেখানো হয়। তবে ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলাফলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী মো. সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিটের (মানবিক) মেধাতালিকায় ১২তম স্থান অধিকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!