করোনায় প্রাণ গেলো পাকিস্তানের কিংবদন্তী খেলোয়াড়ের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ খেলোয়াড় আজম খান। লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত সপ্তাহে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে লন্ডনের ইলিং হাসপাতালে ভর্তি হন আজম। এরপর টেস্টে তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। ৯৫ বছর বয়সী এ কিংবদন্তী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারেননি। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত চারবার ব্রিটিশ ওপেন জেতেন আজম খান। শুধুমাত্র পাকিস্তানের নয়, আজম খানকে সারা বিশ্বের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। ১৯৬২ সালে জীবনের সব থেকে বড় ধাক্কা খান তিনি। তার ১৪ বছরের ছেলে মারা যায়। এই ধাক্কা সামলে উঠতে বেশ সময় লেগেছিল তার। ক্যারিয়ারের শেষদিকে চোটে পড়েন তিনি। তাই আগেভাগেই অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
.png)
১৯৫৬ সাল থেকেই ব্রিটেনে থাকতেন আজম খান। জীবনের শেষের দিকে পাকিস্তানে ফেরার ইচ্ছা থাকলেও আর ফেরা হলো না। পাকিস্তানের আরেক স্কোয়াশ কিংবদন্তি হাশিম খানের ছোট ভাই আজম খান।