ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

করোনায় আক্রান্ত হয়ে বেশিরভাগই সুস্থ হয়েছেন: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৭, ৭ মার্চ ২০২০
করোনায় আক্রান্ত হয়ে বেশিরভাগই সুস্থ হয়েছেন: আইইডিসিআর
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা

করোনা এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়েছে। এসব রোগীদের নিয়ে যেসব গবেষণা হয়েছে, সেসব থেকে জানা গেছে- করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেশি বয়স্কদের। আর যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষ যেমন আক্রান্ত হয়, সুস্থও হয়ে যায়। আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর সংখ্যা খুবই কম। যারা মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগই পূর্ব থেকেই নানা রোগে আক্রান্ত বা বয়স্ক। 

Advertisement

তিনি আরো বলেন, করোনার মৃত্যুর সংখ্যা বারবার গণমাধ্যমে আসায় জনগণ আতঙ্কিত হচ্ছে। কিন্তু গণমাধ্যমে এটা আসছে না, কী পরিমাণ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এখন পর্যন্ত ৫৫ হাজার আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

ডা. ফ্লোরা জানান, এখন পর্যন্ত সাতজন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তার বয়সও বেশি। তিনি পূর্ব থেকেই শ্বাসজনিত সমস্যায় ভুগতেন।  

এ চিকিৎসক বলেন, করোনা আক্রান্ত হলেই যে হাসপাতালে ভর্তি হতে হবে, বিষয়টা এমন না। তাকে আলাদা করে রাখতে হবে। চিকিৎসকের সহায়তায় তার চিকিৎসা বাড়িতেই সম্ভব। 

গুজবে কান না দিতে সবাইকে সতর্ক করে ডা. ফ্লোরা বলেন, কোথায় কে কি বলছে, সেসব বিশ্বাস না করে কেবল সরকারের স্বাস্থ্য অধিদফতর থেকে যা বলা হচ্ছে, সেটাই বিশ্বাস করবেন। 

তিনি আরো বলেন, আমাদের সচেতন হতে হবে। অপরিস্কার হাত চোখে নাকে ও মুখে দেবেন না। পারতপক্ষে এখন বিদেশ ভ্রমণ করবেন না। কোথাও একান্তই যদি যেতে হয়, ভ্রমণকালীন সতর্কতা অবলম্বন করবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!