এএফসি খেলতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন মারিয়ারা
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব খেলতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর ব্যাংককে অনুষ্ঠিত হবে ৮ জাতির এ প্রতিযোগিতা।
বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপের দলগুলো দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও চীন।
এ প্রতিযোগিতা আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের বাছাই পর্বও। যেখান থেকে শীর্ষ দেইদল পাবে ভারতে খেলার টিকিট।
মারিয়া-আঁখিরা প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ভালো শুরু করতে চান। টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে মেয়েরা থাইল্যান্ড যাচ্ছে। সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবে মেয়েরা। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে ফুটবলাররা ঢাকা ছাড়বে।
আজ মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘দুই বছর আগে যখন প্রথম এ প্রতিযোগিতা খেলতে যাই তখন আমাদের দল ছিল অনভিজ্ঞ। এবার আমাদের দলে ১১ জন খেলোয়াড় আছেন, যারা গত বছর খেলেছেন। বয়সের কারণে বাদ পড়েছেন ১২ জন। যারা দলে ঢুকেছেন তাদেরও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।’
অধিনায়ক মারিয়া জানান, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। আত্মবিশ্বাস নিয়েই আমরা যাচ্ছি। আমার প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলে আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে।’
ডেইলি বাংলাদেশ/সালি