ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

আদালতকে টাউট-দালাল মুক্ত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ২ মার্চ ২০২০
আদালতকে টাউট-দালাল মুক্ত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ
হাইকোর্ট ফাইল ছবি

সারাদেশের আইন অঙ্গন থেকে টাউট, দালাল, ভুয়া আইনজীবীদের দৌরাত্ম ও তৎপরতা বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে বার কাউন্সিল সচিবকে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আইনজীবী ফরহাদ উদ্দিন ভূইয়া জানান, সুপ্রিম কোর্টসহ সারাদেশের সব আদালত থেকে ভুয়া আইনজীবী, টাউট, দালাল, ভুয়া মুহুরি, ক্লার্ক শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত থেকে ভুয়া আইনজীবী, টাউট, দালাল, ভুয়া মুহুরি, ক্লার্ক শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে গত ১৭ ফেব্রুয়ারি রিট করা হয়।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪১ অনুচ্ছেদ অনুযায়ী আইন পেশার সঙ্গে সম্পৃক্ত সবাইকে বার কাউন্সিল সনদপ্রাপ্ত হতে হবে। অন্যথায় ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিল এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় আদালত অঙ্গনে টাউট-দালালদের দৌরাত্ম্য বেড়েই চলছে।

গত বছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে টাউট, দালাল, ভুয়া আইনজীবী শনাক্তে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!