ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩৮ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া সেই উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ১২ ডিসেম্বর ২০১৯
৩৮ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া সেই উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার
ছবি: সংগৃহীত

চিলির বিমান বাহিনীর নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষের অংশ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। অ্যান্টার্কটিকার ড্রেক প্যাসেজ নামক স্থানে পানির ওপর একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ ভাসতে দেখা গেছে। এটি হারিয়ে যাওয়া সেই সি-১৩০ এর ধ্বংসাবশেষ বলে ধারণা করছেন তারা।

সোমবার ৩৮ জন যাত্রী নিয়ে হারকিউলিস সি-১৩০ মডেলের উড়োজাহাজটি অ্যান্টার্কটিকার দিকে যাত্রাপথে নিখোঁজ হয়। চিলির দক্ষিণাঞ্চলীয় শহর পুন্তা এরিনাস থেকে স্থানীয় সময় বিকেল ৪ টা ৫৫ মিনিটে উড্ডয়নের পর ৬ টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এর।

যেখান থেকে উড়োজাহাজটি শেষবার যোগাযোগ করেছিল তার ৩০ কিলোমিটার দূরে ধ্বংসাবশেষ ভাসমান অবস্থায় খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী।

Advertisement

বুধবার চিলির বিমান বাহিনীর কমান্ডার এদুয়ার্দু মসকেইরা সাংবাদিকদের বলেন, ‘খুঁজে পাওয়া ধ্বংসাবশেষটি অভ্যন্তরীণ জ্বালানি ট্যাংকের অংশ হতে পারে।’

ওই ধ্বংসাবশেষটি নিখোঁজ উড়োজাহাজেরই অংশ কি না, তা নিশ্চিত করতে বিমান বাহিনী ‘আনুসাঙ্গিক পরীক্ষা’ করবে বলে জানান তিনি।

চিলির বিমান বাহিনী উড়োজাহাজটির যাত্রাপথের একটি মানচিত্র প্রকাশ করেছে। তাতে দেখা গেছে ওই দিনই সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে উড়োজাহাজটির ‘প্রেসিডেন্ট এদুয়ার্দু ফ্রেই মনতালভা’ ঘাঁটিতে পৌঁছানোর কথা ছিল। 

উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পরপরই আকাশ ও সাগরপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। ড্রেক পাসাজের বরফময় পানিতে চালানো এই তল্লাশি অভিযানে সাহায্য করতে আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাজ্য ও উরুগুয়ে বিমান পাঠিয়েছে।

উড়োজাহাজটির যাত্রীদের মধ্যে চিলির সেনাবাহিনীর তিন কর্মকর্তা, দুই জন বেসামরিক কর্মী, একজন শিক্ষার্থী ও বিমান বাহিনীর ১৫ জন সদস্য ছিলেন। বিমান বাহিনীর সদস্যদের মধ্যে ৩৭ বছর বয়সী এক নারী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!