ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিজারের ১০৮ দিন পর প্রসূতির পেট থেকে বের হলো গজ ব্যান্ডেজ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১৩ সেপ্টেম্বর ২০১৯
সিজারের ১০৮ দিন পর প্রসূতির পেট থেকে বের হলো গজ ব্যান্ডেজ
ছবি : ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে সিজারের ১০৮ দিন পর এক গৃহবধূর পেট থেকে বের করা হয়েছে গজ ব্যান্ডেজ। বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে এ গজ ব্যান্ডেজ বের করা হয়।

ওই গৃহবধূর নাম ফরিদা বেগম। সে সালথা উপজেলার রসুলপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী। ওই গৃহবধূ বর্তমানে ফরিদপুর শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।  

গৃহবধুর স্বজনেরা জানান, গত ২৫ মে ওই গৃহবধূর প্রসবজনিত অসুস্থতা নিয়ে পশ্চিম খাবাসপুরের সাফা মক্কা ক্লিনিকে ভর্তি হন। ওইদিনই হাসপাতালের চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস তার সিজার করার পর একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।

ক্লিনিক থেকে ছাড়পত্র দিয়ে দিলেও শারীরিকভাবে সুস্থ ছিলেন না ওই গৃহবধূ। বাড়ি যাওয়ার পর ক্রমেই পেটের ভিতরে ব্যথা অনুভব হতে থাকে। সম্প্রতি ওই ব্যথা তীব্র আকার ধারণ করলে একই এলাকার হ্যাপী হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী আলট্রাসনোগ্রাম করলে গৃহবধূর পেটের ভেতর গজ ব্যান্ডেজের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে বৃহস্পতিবার রাত নয়টার দিকে অস্ত্রোপচার করে পেট থেকে কয়েক ইঞ্চি পরিমাপের এক টুকরো গজ ব্যান্ডেজ উদ্ধার করা হয়। 

হ্যাপী ক্লিনিকের চিকিৎসক স্বপন কুমার জানান,  এক গৃহবধূর পেট থেকে গজ বের করা হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত। দীর্ঘদিন ধরে পেটের মধ্যে গজ ব্যান্ডেজ থাকায় তার পেটের ভেতরে ইনফেকশন হয়েছিল। 

অভিযুক্ত চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। তিনি ওই রোগীর সিজার করেছিলেন কিনা তাও স্মরণে নেই বলে জানান।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!