ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

সচেতনতা বাড়াতে পুলিশের আল্পনায় করোনা

হারুন আনসারী, ফরিদপুর
প্রকাশিত: ০৬:২৩, ২০ এপ্রিল ২০২০
সচেতনতা বাড়াতে পুলিশের আল্পনায় করোনা
করোনা সম্বলিত আল্পনা

করোনাভাইরাস থেকে বাঁচতে সবচেয়ে কার্যকরী হচ্ছে ঘরে থাকা। এ লক্ষ্যে ফরিদপুরে শুরু থেকেই বিভিন্ন সচেতনতামূলক কাজ করছে পুলিশ। এবার প্রয়োজন ছাড়া যেন কেউ বের না হয় সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তারা।

রোববার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে করোনা সম্বলিত আল্পনা এঁকেছেন পুলিশের সদস্যরা। সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি রাশেদুল ইসলাম নিজেই তুলি হাতে বিভিন্ন স্থানে আঁকছেন এ আল্পনা। তাকে শহরের জনতা ব্যাংকের মোড়ে আল্পনা আঁকতে দেখা গেছে।

ফরিদপুরের এসপি আলিমুজ্জামান বলেন, মানুষের মাঝে করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ। এতে মানুষ আরো সচেতন হবেন। করোনা আক্রান্ত হলে শুধু একজন নয়, পুরো পরিবারের সদস্যরাই ঝুঁকিতে থাকেন।

Advertisement

তিনি বলেন, সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। আমরা সরকারের বাইরে না। যাতে মানুষ সরকারের নির্দেশ মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ হয়, সেজন্য গুরুত্বপূর্ণ সড়কে এভাবে করোনাভাইরাস সম্বলিত আল্পনা এঁকে জনগণকে সচেতন করছি।

ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম বলেন, প্রথম দিনে শহরের থানার মোড়, জনতা ব্যাংকের মোড়, ভাঙা রাস্তার মোড় ও এসপির কার্যালয়ে এ আল্পনা আঁকা হয়েছে। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এভাবে আল্পনা আঁকা হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু থেকেই মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে ফরিদপুরের পুলিশ। জনসচেতনতার লক্ষ্যে তারা প্রচারপত্র ছাড়াও মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে। অনেক অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দিচ্ছে খাবার।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!