ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মেসির মাইলফলকের ম্যাচে কঠিন প্রতিপক্ষের সামনে বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ২৭ নভেম্বর ২০১৯
মেসির মাইলফলকের ম্যাচে কঠিন প্রতিপক্ষের সামনে বার্সা
ফাইল ফটো

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। রাত দুইটার সময় বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে বার্সার হয়ে মাঠে নামলেই ৭০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন দলের আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এ ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে যাবে কাতালানরা।

এর আগে বার্সেলোনার হয়ে ৭০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা একমাত্র খেলোয়াড় দলের সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজ। ব্লগরানাদের হয়ে ৭৬৭ ম্যাচ খেলেছেন স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা এই ফুটবলারের। এই মাইলফলকে পৌঁছা মাত্র দ্বিতীয় ফুটবলার হবেন মেসি। ৬৯৯ ম্যাচে মেসি গোল করেছেন ৬১২টি এবং সতীর্থদের গোলে অবদান রেখেছেন ২৪৮ বার।

২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার সিনিয়র টিমে অভিষেক হওয়ায় এবার নিয়ে কাতালানদের হয়ে ষোলো মৌসুম খেলছেন মেসি। কাতালান এই ক্লাবটির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ পর্যন্ত। ক্লাবটির হয়ে নিয়মিত ম্যাচ খেলতে পারলে জাভিকেও পেছনে ফেলে দিতে পারেন ছয়বারের ফিফা বর্ষসেরা মেসি।

তবে এ ম্যাচের আগে মোটেও স্বস্তিতে নেই বার্সার কোচ আর্নেস্তো ভালভার্দের। দলের আক্রমণভাগের ধার যেন কমে গেছে। সর্বশেষ চার ম্যাচে মাত্র চারটি গোল পেয়েছে বার্সা। এর মধ্যে সুয়ারেজ দুটি ও অধিনায়ক মেসির পা থেকে এসেছে মাত্র একটি। অপরটি ছিল স্লাভিয়া প্রাগের আত্মঘাতী গোল। কিন্তু শিরোপা পুনরুদ্ধারের জন্য বাকি ম্যাচগুলোতে বার্সেলোনা দলের সবাইকে মাঠে জ্বলে ওঠার বিকল্প নেই।

বার্সার চাইতে এক পয়েন্ট কম নিয়ে ‘এফ’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড। আজকের ম্যাচটি জিতলে ডর্টমুন্ডের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে যাবে স্বাগতিকরা। পরের খেলায় ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে লা লিগা চ্যাম্পিয়নরা।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!