ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মিথুনের দৃঢ়তায় ২০০ পেরুলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২০
মিথুনের দৃঢ়তায় ২০০ পেরুলো বাংলাদেশ
মোহাম্মদ মিথুন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ মিথুন ও তাইজুল ইসলামের দৃঢ়তায় ২০০ রান পার করেছে বাংলাদেশ। ১৬১ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে কক্ষপথে ধরে রাখেন মিথুন। 

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের উদ্বোধন করেন অভিজ্ঞ তামিম ইকবাল ও অভিষিক্ত সাইফ হাসান। কিন্তু সাইফের অভিষেকটা হলো রীতিমতো দুঃস্বপ্নের। ইনিংসের মাত্র তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই শাহীন শাহ আফ্রিদীর বলে আসাদ শফিকের হাতে ধরা পড়েন সাইফ।

নামের প্রতি সুবিচার করতে পারেননি বিরতি থেকে ফেরা তামিম ইকবালও। ৫ বলে ৩ রান করে মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। মাত্র ৩ রানে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা নাজমুল শান্ত এবং অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। তাদের ৫৮ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় টাইগাররা। 

দলীয় ৬১ রানের মাথায় ৫৯ বলে ৩০ রান করে শাহীন শাহ আফ্রিদীর দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল। মুমিনুলের বিদায়ের পর শান্তর সঙ্গে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান রিয়াদ। 

চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৩৪ রান তুলে মধ্যাহ্নবিরতিতে যান শান্ত-রিয়াদ। ৯৫ রানে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেন তারা। বিরতি থেকে ফিরে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন ৪৪ রান করা শান্ত। 

এর কিছুক্ষণ পরই প্যাভিলিয়নের পথ ধরেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ রিয়াদও। দলীয় ১০৭ রানের মাথায় ২৫ রান করে ফিরে যান রিয়াদ। এরপর দলেল হাল ধরেন মিথুন ও লিটন দাস। লিটন দাস সেট হয়ে উইকেট দিয়ে আসলে আবারো ব্যাকফুটে পড়ে যায় টাইগাররা। 

দলীয় ১৬১ রানের মাথায় ৩০ রান করে সাজঘরে ফেরেন লিটন। এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিথুন। আর কোনো উইকেট না হারিয়েই দলীয় ২০০ রান পার করেন মিথুন-তাইজুল। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ৬ উইকেটে ২১০ রান। ১৩০ বলে ৪৮ রানে ব্যাট করছেন মিথুন। অপরপ্রান্তে তইজুল ইসলামের সংগ্রহ ৬৫ বলে ২১ রান। 

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!