চাঁদপুরে বাড়ির দেয়াল ফুঁড়ে বিদ্যুতের লাইন!
চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকায় একটি নবনির্মিত ভবনের ভেতর দিয়ে বয়ে গেছে হাইভোল্টেজ বিদ্যুতের লাইন। পৌরসভার অনুমোদনকৃত ভবন তৈরির নকশা অমান্য করে আড়াই শতক জমির উপর তিনতলা এই ভবনটি তৈরি করা হয়।
দেখা গেছে, ভবনের দ্বিতীয় তলার মাঝখান দিয়ে দুই পাশের দেয়ালের কিছু ইট সরিয়ে বিদ্যুতের হাইভোল্টেজের লাইন রুমের ভেতর দিয়ে নেয়া হয়। কয়েকদিন আগে সম্পন্ন হয় ঝুঁকিপূর্ণ এই ভবন নির্মাণ কাজ। সৌদিআরব প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী মাসুদা বেগমের তদারকিতে ভবনটি নির্মিত হয়।
ভবন মালিক মাসুদা বেগম বলেন, দেখুন আমার স্বামী দেশের বাইরে থাকে। আমি এ ভবনটি এক ঠিকাদারকে দিয়ে করিয়েছি। তাকে বলেছিলাম, বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে বিদ্যুতের তার সরিয়ে ভবনটি নির্মাণ করতে। কিন্তু ওই ঠিকাদার আমার কথা শুনেনি। আর আমিও ঠিকভাবে তদারকি করতে না পারায় এমন পরিস্থিতি হয়েছে। এভাবে ঝুঁকি নিয়ে ভবন তৈরি করা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।
.png)
চাঁদপুর পৌরসভার প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, পৌরসভার নির্ধারিত ভবন তৈরির নকশা অমান্য করে বৈদ্যুতিক তার ভেতরে রেখে এ ধরনের ভবন নির্মাণ ঠিক হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, এভাবে ভবন তৈরি হওয়ায় ভবন মালিক যেমন বিপদে আছে, আমরাও দুর্ঘটনার আশংকায় আছি।
চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল জানান, ভবন ভেতরে দিয়ে বিদ্যুতের হাইভোল্টেজের যেই তার প্রবাহিত হয়েছে, তা ৪০০ ভোল্টের। বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।