[ দেশজুড়ে ]
দোকানিকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ায় দোকান কর্মচারীকে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত লিটন হোসেন কুষ্টিয়া পৌরশহরের শহীদ লিয়াকত হোসেন সড়ক এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। নিহত ইয়াছিন আরাফাত লাল্টু পৌরশহরের আড়ুয়াপাড়া এলাকার খন্দকার শামসুল আলমের ছেলে।
পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৬ সালের ২০ জুন রাতে আড়ুয়াপাড়া এলাকায় নয়নের দোকানের সামনে চিপস খাচ্ছিলেন ইয়াছিন। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন লিটন। স্থানীয়রা গুরুতর অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান চিকিৎসকরা। পরদিন রামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পিপি আরো জানান, এ ঘটনায় নিহতের বাবা সদর মডেল থানায় লিটনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের অক্টোবরে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। শুনানি শেষে আদালত এ রায় দেয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!