দেশে ফিরতে চান বলিভিয়ার নির্বাসিত প্রেসিডেন্ট মোরালেস
নিজ দেশে ফিরে আসার ইচ্ছা পোষণ করেছেন বলিভিয়ার নির্বাসিত প্রেসিডেন্ট ইভো মোরালেস। এছাড়া তিনি আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনেও অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন।
রোববার চিলির একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে মোরালেস বলেন, তিনি আর্জেন্টিনা ছেড়ে নিজের দেশ বলিভিয়ায় ফিরতে চান যদিও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বর্তমানে তিনি আর্জেন্টিনায় নির্বাসিত জীবনযাপন করছেন।
গত অক্টোবরে অনুষ্ঠিত বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছিলেন মোরালেস কিন্তু দেশটির সেনাবাহিনী এবং বিরোধী দল দাবি করে আসছিল যে, ওই নির্বাচনে কারচুপি হয়েছে। এ নিয়ে বলিভিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি রাজনৈতিক ও সামরিক চাপে বলিভিয়া থেকে মেক্সিকো চলে যান।
দেশ যাতে মারাত্মক রকমের গোলযোগের মধ্যে না পড়ে তিনি মূলত সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেসময়কার সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির পেছনে মার্কিন সরকারের প্রত্যক্ষ হাত ছিল বলে মোরালেস অভিযোগ করেছেন।
বলিভিয়ার এ নেতা অভিযোগ করেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেনিন আনেজ দেশে সামরিক ক্যু’ করার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, আগামী তিন মে’র নির্বাচনে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই।