দুর্গার আরাধনায় মেয়েদের নিয়ে দেশের প্রথম কমিটি খাগড়াছড়িতে
প্রতি বছরের ন্যায় আগামী ২৯ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়ার মধ্যদিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
সুষ্ঠভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে নিউজিল্যান্ড নামখ্যাত আনন্দনগরস্থ শ্রী শ্রী ভূবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব ২০১৯ উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
দেশে এই প্রথম খাগড়াছড়ি জেলায় দুর্গাপূজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষ্যে মেয়েদের নিয়ে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার ধর এ কমিটি গঠন করেন।
এতে চিত্রা দাশগুপ্তাকে সভাপতি, অনামিকা চৌধুরীকে সাধারণ সম্পাদক ও লাভলী দত্তকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।
পরবর্তীতে আনন্দনগর এলাকায় বসবাসরত সর্বস্তরের নারীদের উৎসব পালনে মন্দির পরিচালনা কমিটিসহ ৫১ সদস্যবিশিষ্ট দুর্গোৎসব উদযাপন কমিটি ও এর বিভিন্ন উপ-কমিটি গঠন করে পরবর্তী কার্যক্রম শুরুর জন্য সভাপতি-সম্পাদককে পরামর্শ দেয়া হয়। ৫১ সদস্যের মূল কমিটি ও বিভিন্ন উপ-কমিটিগুলোর দায়িত্বে থাকবেন নারীরা বলেও সভায় জানানো হয়।
এ সময় আনন্দনগর শ্রী শ্রী ভূবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/আরএম