ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলা ডিবিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯, ৭ জানুয়ারি ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষণ মামলা ডিবিতে
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে র‌্যাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার সকালে মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। রাতে সে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী  বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ধর্ষণের ঘটনা এরইমধ্যে ডিবি পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ পাওয়া যায়।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে শেওড়া যাচ্ছিলেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলায় বাস থেকে নামার পর এক ব্যক্তি তার মুখ চেপে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।

রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে সেখান থেকে অটোরিকশায় বাসায় ফেরার পর রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের এ ঘটনায় সোমবার কুর্মিটোলায় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে র‍্যাব ও ডিবি। সেখানে গলফ ক্লাবের বাইরের দিকে একটি ঝোপের মধ্যে কিছু আলামত পেয়েছে তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!