ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারী যানবাহন নিষিদ্ধ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ১১ মার্চ ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারী যানবাহন নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজয় বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যানজট নিরসনে সিনেট ভবনের দ্বিতীয় তলায় পরিবহণ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ৯ দফা প্রস্তাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পরিবহন বিষয়ক সম্পাদক শামস-ই-নোমান। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইরের ভারী যানবাহন ট্রাক, বাস, পিক-আপ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যানজট নিরসনে ডাকসুর পক্ষ থেকে জ্যামের স্পট থেকে ডাইভারশন করার কথা বলা হয়েছে। এই ডাইভারশনের অনুযায়ী নীলক্ষেত এলাকায় জ্যাম হলে ঢাবি ভিসির বাসভবনের সামনের সড়কটি খুলে দেয়া হবে। সড়কের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সড়ক বন্ধ করে দেয়া হবে। এ সময় ক্যাম্পাসের ভেতরে জ্যাম নিরসনে অভ্যন্তরীণ সিগন্যালগুলো সুবিধা অনুযায়ী প্রতি ৩ মিনিট পরপর ছাড়ার পরামর্শ দেয়া হয় ট্র্যাফিক পুলিশকে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত সভায় জানানো হয়, ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের যানজট নিয়ন্ত্রণে একটি টিম গঠন করা হবে। এই টিমে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার এবং বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা শিক্ষার্থীরা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভাসমান অবৈধ দোকান, হকার উচ্ছেদ করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী, সহকারী প্রক্টর বৃন্দ, ট্রাফিক ডিসি, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকটি থানার ওসি, পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, মেট্রোরেলের সমন্বয়ক, স্টেট ম্যানেজার এবং বিভিন্ন হলের প্রভোস্ট, ডাকসু সদস্য ফরিদা পারভিন ও মাহমুদুল হাসান।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!