ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে কংগ্রেসের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ১০ জানুয়ারি ২০২০
ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে কংগ্রেসের অনুমোদন
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চরম উত্তেজনা প্রশমিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিষয়ে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এতে কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করে ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালাতে পারবেন না ট্রাম্প।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইরান ‘ওয়ার পাওয়ার রেজ্যুলেশন’ বিষয়ে ভোটাভুটি হয়েছে। ২২৪ ভোট পেয়ে অনুমোদন পেয়েছি সেটি। বিপরীতে পড়েছে ১৯৪ ভোট।

এ রেজ্যুলেশনের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভস ম্যাট গেটজ, ফ্লোরিডার ফ্রান্সিস রুনি ও কেন্টাকির থমাস ম্যাসি। তবে হাউস রিপাবলিকান লিডার কেভিন ম্যাকার্থি বলেছেন, এ ভোট অর্থহীন।

কংগ্রেসের অনুমোদন পেলেও এ রেজ্যুলেশন অনেকটাই প্রতীকী। অন্য সব বিলের মতো প্রেসিডেন্টের সইয়ের জন্য পাঠানো হয় না এটি। তবে ডেমোক্র্যাটদের দাবি ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’ বা যুদ্ধ ক্ষমতা আইনের বিষয়টি আলাদা। এর আইনী ক্ষমতা রয়েছে।

সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার দিনগত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় প্রভাবশালী ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এ ঘটনার বদলা নিতে ইরান ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়ার পর বুধবারই ন্যান্সি পেলোসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমাতে কংগ্রেসের নিম্নকক্ষে ওই ভোটের ঘোষণা দেন।

ন্যান্সি পেলোসি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনায় ভীত কংগ্রেস। প্রশাসন কংগ্রেসকে না জানিয়েই সোলাইমানিকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে। সংবিধান অনুযায়ী যুদ্ধে যাওয়ার ব্যাপারে কংগ্রেসের পরামর্শ নেয়ার প্রতি সম্মান জানানো হয়নি। তাই প্রেসিডেন্টের সামরিক কার্যক্রম সীমিত করার জন্য যুদ্ধ ক্ষমতা কমানোর পক্ষে আমি।

পেলোসি আরো বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আমাদের সেনাবাহিনী, কূটনীতিক এবং বেসামরিক লোকজনকে বিপদের মুখে ফেলেছে। এ কারণে সহিংসতা রোধ করার জন্য প্রশাসনকে অবশ্যই কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে। কেননা এ মুহূর্তে নতুন করে কোনো যুদ্ধের ভার বহন করার মত ক্ষমতা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!