গাজীপুরে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে প্রতিষ্ঠানটির অর্ধ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার দক্ষিণ বারতোপায় এ ঘটনা ঘটে।
ওই শাখার দ্বিতীয় কর্মকর্তা আব্দুল মান্নানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে।
গ্রামীণ ব্যাংক মাওনা শাখার ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের সমিতির সদস্যদের থেকে অর্থ সংগ্রহ করে মোটরসাইকেল যোগে মাওনা শাখায় ফিরছিলেন আব্দুল মান্নান।
এ সময় পথে দক্ষিণ বারতোপায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে থামতে বলে। তিনি মোটরসাইকেলের গতি কমালে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে আব্দুল মান্নানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান। হামলাকারীরা তার কাছে থাকা ৬০/৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় মান্নানের সঙ্গে আর কেউ ছিল না। আব্দুল মান্নান গত বছরের জুলাইয়ে এ শাখায় যোগদান করেছেন বলে জানান সাবিনা।
এ ঘটনায় কোনো জিডি বা মামলা করা হয়নি; ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী গ্রামীন ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনা অবগত নন বলে জানিয়েছেন।