খাতা দেখার সুযোগ হারাচ্ছেন রাজশাহী বোর্ডের ২০০ পরীক্ষক
খাতা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন রাজশাহী শিক্ষাবোর্ডের ২’শ পরীক্ষক। খাতা মূল্যায়নের পর নম্বর গণনায় ভুল করায় তাদের বিরেুদ্ধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, ওই পরীক্ষকরা আগামী এইচএসসি পরীক্ষার খাতা দেখার সুযোগ পাবেন না।
পরীক্ষার্থীদের চ্যালেঞ্জে এসব শিক্ষকদের দেখা খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৬৬ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন।
গত ১৬ আগস্ট পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. প্রফেসর আনারুল হক প্রামাণিক বলেন, ফল পরিবর্তন হয়েছে এমন পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এবারের এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরো বলেন, এবারের এইচএসসি পরীক্ষার খাতা দেখেছেন প্রায় ৮ হাজার পরীক্ষক। এদের মধ্যে ২০০ জন পরীক্ষকের খাতায় নম্বর লেখা বা গণনায় ভুল পাওয়া গেছে। আগামীতে পরীক্ষকের দায়িত্ব থেকে বাদ দেয়া হবে তাদের।
এবার রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫১ হাজার ১৩৪ জন। ৭৬ দশমিক ৩৮ শতাংশ হারে পাস করেছে ১ লাখ ১৩ হাজার ৫৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭২৯ জন। এ বছর ৮১ দশমিক ২১ শতাংশ মেয়ে এবং ৭২ দশমিক ৩২ শতাংশ ছেলে পাস করেছে।
এদিকে, ফল প্রকাশের পরদিন ১৮ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা নেয় বোর্ড। ওই সময়ের মধ্যে ৩৪ হাজার ৭১৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন আসে।
এ বছর সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ইংরেজির দুই বিষয়ে। এর মধ্যে ইংরেজি প্রথমপত্রে ৫ হাজার ২৬২ এবং ইংরেজি দ্বিতীয়পত্রে ৪ হাজার ৬২২টি।
ডেইলি বাংলাদেশ/এমএইচ