ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আমি দায়িত্ব নেয়ার পর এটাই সেরা ম্যাচ : জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২, ১১ অক্টোবর ২০১৯
আমি দায়িত্ব নেয়ার পর এটাই সেরা ম্যাচ : জেমি ডে
ছবি : বাফুফে

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। গোলের সুযোগ পেলেও নিজেদের ভুলে একের পর এক তা নষ্ট হয়েছে। যার ফল দাঁড়িয়েছে ২-০ গোলে ম্যাচ হেরে। তবে দলের ইতিবাচক পারফরম্যান্স এবং লড়াই করে হারায় সন্তুষ্ট বাংলাদেশ দলের কোচ জেমি ডে। তিনি দায়িত্ব নেয়ার পর এটাই সেরা ম্যাচ মনে করেন এই ইংলিশ কোচ।

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেয়ার পর এই ম্যাচকে সেরা বলছেন জেমি ডে, ‘আমি দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ এ পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছে, এটা তার মধ্যে সেরা। যে সুযোগগুলো এসেছিল তা কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। আমাদের দুটো সুযোগ তো গোললাইন থেকে ফিরে এসেছে।’

ছবি : বাফুফে

জেমি আরো বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে। তাতে আমি অত্যন্ত গর্বিত। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ওরা গোলের সুযোগ তৈরি করেছিল। এমনিতে কাতারের মতো দলের বিপক্ষে খেলাটা কঠিন ছিল। আসলে আমাদের দুর্ভাগ্য।’

স্বাগতিক দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য নিজেকে ‘আনলাকি’ মনে করছেন, ‘আমি হতাশ। নিজে গোল মিস করেছি, অন্যরাও করেছে। তবে শেষ পর্যন্ত দল লড়াই করার চেষ্টা করেছে। আসলে আমরা আনলাকি। গোলের সুযোগ পেয়েও হারাতে হয়েছে।’

প্রতিপক্ষ কাতারের কোচ ফেলিক্স সানচেজ ম্যাচ জিতে খুব খুশি, ‘আমরা এই মাঠে খেলতে অভ্যস্ত নই। এমন মাঠে মানিয়ে নিতে কষ্ট হয়েছে। তারপরেও তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য পূরণ হয়েছে। কোনও ইনজুরি নেই। বাংলাদেশ ভালো খেলেছে।’

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!