অপেক্ষায় ‘পুষণী গুচ্ছগ্রাম’
সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউপির গোবিন্দ নগরে গৃহহীনদের জন্য প্রস্তুত করা হয়েছে ‘পুষণী গুচ্ছগ্রাম’। এখন শুধু হস্তান্তরের অপেক্ষা।
৪৬ লাখ ৬৬ হাজার পাঁচশ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পে গৃহহীন পরিবারের বসবাসের উপযোগী ২৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গুচ্ছগ্রামে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ২৫টি টিনশেড বাড়ি ও একটি মাল্টিপারপাস হল। প্রতিটি বাড়িতে রয়েছে দুটি করে কক্ষ। আছে স্যানিটেশন ব্যবস্থা, রান্নাঘর, সুপেয় পানি ও গোসলখানা। গ্রামের মাঝে রাখা হয়েছে খোলার মাঠ।
ইউপি চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন জানান, ২০১৭ সালের নভেম্বরে ‘পুষণী গুচ্ছগ্রাম’ প্রকল্পের কাজ শুরু হয়। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হয়েছে। ২৫টি গৃহহীন পরিবারের তালিকা যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বাড়িগুলো হস্তান্তর করা হবে।
প্রকল্পের সদস্য সচিব ফাতেমা তুজ জোহরা বলেন, এ প্রকল্প গৃহহীনদের মুখে হাসি ফুটিয়েছে। আমরা আশাবাদী ‘পুষণী গুচ্ছগ্রামে’ হতদরিদ্র পরিবারগুলো শান্তিতে বসবাস করতে পারবে।
বিশ্বনাথের ইউএনও বর্ণালী পাল বলেন, এখন শুধু সময়ের অপেক্ষা। ডিসি স্যারের অনুমতি পেলে এ মাসেই ঘর হস্তান্তর করা হবে।