ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভাইরাল নিউজ ]

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে পাসের আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ৮ জুলাই ২০২৬
পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে পাসের আবেদন
সংগৃহীত ছবি

পাসের আশায় পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ সম্বোধন করে নম্বর চেয়ে আবেদন লিখেছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। উত্তরপত্রে লেখা সেই আবেগঘন ও অদ্ভুত আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের এক শিক্ষক নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই শিক্ষার্থীর উত্তরপত্রের ছবি প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Advertisement

ভাইরাল হওয়া সেই উত্তরপত্রে দেখা যায়, প্রশ্নের উত্তর লেখার পরিবর্তে ওই ছাত্রী খাতায় লিখেছে— ‘স্যার, সত্যি কথা বলতে আজকে শিখবো; কালকে শিখবো এরকম করে সময় চলে গেছে। কিছু শেখা হয়নি। তাই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারলাম না। বলছিলাম কী স্যার, আপনাকে আব্বু ডাকলাম। দয়া করে আমাকে কয়টা নাম্বার দিন। আব্বু, আব্বু, আব্বু ... আব্বু, আমাকে কয়টা নাম্বার দিন।’

উত্তরপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর অনেকেই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভাষাগত ও শিক্ষাগত দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, এটি কোনো একক শিক্ষার্থীর ব্যর্থতা নয়, বরং দেশের শিক্ষাব্যবস্থার বিদ্যমান নানামুখী চ্যালেঞ্জেরই বহিঃপ্রকাশ।

খাতার ছবি ফেসবুকে প্রকাশ করা ওই শিক্ষক জানান, শিক্ষার বর্তমান বাস্তবতার একটি চিত্র সবার সামনে তুলে ধরতেই তিনি এটি শেয়ার করেছিলেন। কাউকে হেয় প্রতিপন্ন বা বিব্রত করা তার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের এই শেখার ঘাটতি দূর করতে শিক্ষক-অভিভাবক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ. ন. ম. হাসান বলেন, "একটি মাত্র উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার ঢালাও মূল্যায়ন করা ঠিক হবে না। তবে সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থীর এমন আচরণ ও লেখার ধরণ অবশ্যই উদ্বেগজনক। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা ও মেধার বিকাশ ঘটাতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও বেশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!