উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বুলবুল
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন ও খুলনা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। আর ক্রমেই এটি দুর্বল হয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
রোববার সকালে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। এতে বড় ধরণে আঘাত না এলেও দিনভর বৃষ্টিপাতের সঙ্গে হালকা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া রূপে বয়ে যেতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আগের মতোই ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও তার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার উপকূলকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়।