সর্বকালের সেরা নন মেসি: রোনালদিনহো
লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের গর্বের শেষ নেই। শুধু ভক্ত-সমর্থকই নন, অনেকের চোখেই সর্বকালের সেরা ফুটবলার তিনি। অনেকের মতামত, আর্জেন্টাইন সুপারস্টারের মতো ফুটবলার ভবিষ্যতেও আসবে না। তবে এ কথা মানতে নারাজ রোনালদিনহো। তার মতে, মেসি সর্বকালের সেরা ফুটবলার নন। তবে তার সময়ে তিনিই নিঃসন্দেহে সেরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তিনি বলেন, ‘আমি কখনোই বলিনি যে মেসি সবার সেরা। তবে এটা সত্য, এই সময়ে সে-ই সেরা ফুটবলার। তার সঙ্গে এখনকার কারো তুলনা চলে না।’
একসময় বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন রোনালদিনহো ও মেসি। খুব কাছে থেকেই মেসিকে দেখেছেন তিনি। বল পায়ে বরাবরই দুর্দান্ত মেসি। এখন পর্যন্ত জিতেছেন রেকর্ড ছয়টি ব্যালন ডি'অর। ফিফার বর্ষসেরার পুরস্কারও তার হাতে উঠেছে ছয়বার। এছাড়া ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে জিতেছেন প্রায় সব শিরোপাই।
এসব কারণেই মেসিকে বর্তমান সময়ের সেরা বলে রায় দিয়েছেন রোনালদিনহো। তবে ফুটবল ইতিহাসের ক্ষেত্রে তিনি একমত নন। তিনি মনে করেন, সর্বকালের সেরা ফুটবলার বাছাই করা মোটেও সহজ কাজ নয়।
তবে সর্বকালের সেরা কে? এই প্রশ্নের উত্তর নিজেও জানেন না বলেই মন্তব্য করেন রোনালদিনহো। তিনি বলেন, আমি তার সঙ্গে সর্বকালের সেরার তুলনা টানতে চাই না। কেননা এটা সত্যিই নির্দিষ্ট করা কঠিন। পেলে, রোনালদো নাকি ম্যারাডোনা, না অন্য কেউ। আসলে নিশ্চিত করে কাউকে বলা যায় না।’