মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি
মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। শনিবারের ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন জার্মান বেরতেরামে। মেসি ও লুইস সুয়ারেজের তৈরি আক্রমণ থেকে গোলটি করেন তিনি। বিরতির পর ৫৬ ও ৬০ মিনিটে টানা দুই গোল করে ব্যবধান বাড়ান মেসি। দুই গোলেই সহায়তা করেন বেরতেরামে। মেসির দ্বিতীয় গোলে অবদান ছিল সুয়ারেজেরও।
এ ম্যাচে মৌসুমে নিজের ১৫তম অ্যাসিস্ট পূর্ণ করেছেন মেসি। এর মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকার শীর্ষে উঠেছেন তিনি। পাশাপাশি এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই তারকা।
আটলান্টার বিপক্ষে জোড়া গোলে চলতি লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ। গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। জোসেফ মার্তিনেজের পর এমএলএসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুটি পৃথক নিয়মিত মৌসুমে অন্তত ২৫ গোল করার কৃতিত্বও অর্জন করেছেন মেসি।
চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান এখন ৪০। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৪৯টি গোল-অবদানের রেকর্ডটি লস অ্যাঞ্জেলেস এফসির কার্লোস ভেলার। ২০১৯ সালে গড়া ওই রেকর্ড থেকে এখনো ৯ অবদান দূরে মেসি। মৌসুমের বাকি চার ম্যাচে রেকর্ডটি ভাঙার সুযোগ রয়েছে তার সামনে।
মায়ামির হয়ে বেরতেরামের অ্যাসিস্টসংখ্যা দাঁড়িয়েছে আটে। অন্যদিকে সুয়ারেজ নিজের ক্যারিয়ারে এক মৌসুমে সর্বোচ্চ ১১টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন।
ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আটলান্টার ব্যবধান কমান ফাফা পিকল্ট। মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার দুটি শট ঠেকান। আটলান্টার গোলরক্ষক লুকাস হয়োসও দুটি শট রুখে দেন।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে নিজেদের মাঠে মায়ামির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আটলান্টা। ফিরতি লড়াইয়ে এবার জয় নিয়ে মাঠ ছাড়ল মায়ামি।
মায়ামির পরবর্তী ম্যাচ আগামী শনিবার নিউইয়র্ক রেড বুলসের মাঠে। একই দিন শিকাগো ফায়ারের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আটলান্টা ইউনাইটেড।