ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চার ম্যাচে ২৬ উইকেট নিয়ে হাসান মাহমুদের চমক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৬
চার ম্যাচে ২৬ উইকেট নিয়ে হাসান মাহমুদের চমক
ছবি: সংগৃহীত

বাংলাদেশি পেসার হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্ট ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। দেরিতে যোগ দিলেও প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন বাংলাদেশি পেসার। যদিও চলমান ম্যাচে সুবিধাজনক অবস্থানে নেই কেন্ট। ডার্বিশায়ারের বিপক্ষে কঠিন এই লড়াইয়ে তাদের স্বস্তি বলতে কেবল হাসানের দুই ইনিংস মিলিয়ে নেওয়া ৭ উইকেট।

১২তম রাউন্ডের ম্যাচে কেন্টের বিপক্ষে ডার্বিশায়ার প্রথম ইনিংসে ৩০০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান। এই ম্যাচ দিয়ে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদের অভিষেক হয়। ৩ উইকেট নিয়ে কাউন্টিতে নিজের যাত্রা রাঙিয়েছেন ডানহাতি এই পেসার। এরপর কেন্ট ব্যাটিংয়ে নেমে ২১৯ রানে গুটিয়ে যায়। ফলে তাদের বিপক্ষে ডার্বিশায়ারের লিড দাঁড়ায় ৮১ রান।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৫২ রান তুলে ডার্বিশায়ার ডিক্লেয়ার করে। তবে তাদের ঝুলিতে তখনই ৪৩৩ রান হয়ে যায়। সেই লক্ষ্য তাড়ায় শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কেন্ট ৩ রান করতেই তৃতীয় দিন শেষ হয়। আরও বাকি দু’দিন। তাদের সামনে জয়ের সুযোগ আছে, তবে সেটি বেশ কঠিনই বটে। তাদের প্রয়োজন আরও ৪৩১ রান এবং ডার্বিশায়ার চাইবে দ্রুতই ১০ উইকেট তুলে নিতে।

Advertisement

এই মুহূর্তে কাউন্টির দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় ৩ নম্বর অবস্থানে থাকা কেন্টের সামনে আরও দুটি ম্যাচ আছে। তবে এই ম্যাচে পয়েন্ট হারালে ব্যবধানে পিছিয়ে পড়তে হবে তাদের। কঠিন এই ম্যাচে তাদের স্বস্তি দুই ইনিংস মিলিয়ে হাসানের নেওয়া ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনি ৩২ রানে ৩ উইকেট নেন। তবে প্রথম ইনিংসটা ভালো হলেও পরেরটিতে ঝলক দেখাতে পারেননি খালেদ। ১৮.৪ ওভারে ৬৪ রানের বিনিময়ে ছিলেন উইকেটশূন্য।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!