মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চিটাগং কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা খুলনা পেয়েছে ৪ উইকেটে ২০৩ রানের বড় পুঁজি। খানিক পর ব্যাটিংয়ে ২০৪ রানের বড় লক্ষ্য তাড়ায় নামবে চিটাগং।
খুলনার হয়ে ওপেনিংয়ে নাইম শেখ এবং উইলিয়াম বসিস্টো ৩৭ রানের জুটি গড়েন। নাঈম সাজঘরে ফিরলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলের স্কোর বাড়িয়ে নেয়ার কাজটা করেন বসিস্টো। তিনি মিরাজের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫১ রান যোগ করেন।
.png)
খালেদের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন ১৮ বলে ১৮ রান করা মিরাজ। খালেদের ফুল টস ডিপ মিড উইকেটে পাঠাতে গিয়ে ৬ রান করা ইব্রাহিম জাদরানের ক্যাচটি লুফে নেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন।
একপ্রান্ত আগলে রাখা ওপেনার বসিস্টো ৩৬ বলে ফিফটির দেখা পান। এর খানিক পর মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন আফিফ হোসেন।
মাহিদুল ইসলাম অঙ্কনও ফিরতে পারতেন এলবিডব্লিউর শিকার হয়ে। যদিও রিভিউ নিয়ে বেঁচে যান। ১৬তম ওভারে শামীম হোসেন পাটোয়ারির উপর চড়াও হন, টানা দুটি ছক্কা হাঁকান। এরপরের বলে ছক্কা হাঁকাতে গেলে টাইমিংয়ে ভুল করেন অঙ্কন, মিড অফ বরাবর বলটি অনেক উপরে উঠে যায়, তবে ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন। বলটি তার হাতে লেগে নাকের উপরে লাগে, ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
শরিফুলের ১৭তম ওভারে তিনটি ছক্কা হাঁকান অঙ্কন। একটি লং অফ, একটি ডিপ এক্সট্রা কভার এবং একটি ডিপ স্কয়ার লেগ দিয়ে মারেন। আদায় করে নেন ফিফটি।
৪৮ বলে আটটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ব্যাটার বসিস্টো। অঙ্কন খেলেন ২২ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৫৯ রানএর অপরাজিত ইনিংস।