ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজের দলে নেই ওয়েলালাগে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ১৯ ডিসেম্বর ২০২৪
কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজের দলে নেই ওয়েলালাগে
দুনিথ ওয়েলালাগে

বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগেকে বাদ দিয়ে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। গত নভেম্বরে সর্বশেষ সিরিজটি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেই তিনি খেলেছিলেন। 

ওয়েলালাগে বাদে সিরিজের বাকি খেলোয়াড়রা স্কোয়াডে আছেন। তাকে বাদ দেওয়ার কারণ জানায়নি এসএলসি। ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ডের পেস বান্ধব কন্ডিশন বিবেচনায় সিরিজের দলে তার জায়গা হয়নি। দেশের হয়ে এ পর্যন্ত ৪টি টি-২০তে ৬ উইকেট নিয়েছেন তিনি। বর্তমানে লঙ্কা টি-১০ লিগে জাফনা টাইটান্সের হয়ে খেলছেন ওয়েলালাগে।

নিউজিল্যান্ড সিরিজের জন্য দলে জায়গা ধরে রেখেছেন ব্যাটার ভানুকা রাজাপাকসা। ২১ মাস পর গত অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শ্রীলংকার টি-২০ দলে তিনি ফেরেন। কিউইদের সঙ্গে সিরিজেও খেলেছেন। দুই সিরিজে ব্যাট হাতে ৪ ইনিংসে ৪১ মাত্র রান করেও স্কোয়াডে টিকে গেছেন।

Advertisement

শ্রীলংকার সর্বশেষ তিন সিরিজের দলে থেকেও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি ব্যাটার দিনেশ চান্দিমাল। তারপরও দলে রাখা হয়েছে তাকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-২০ খেলেছেন চান্দিমাল।

আগামী ২৮ ডিসেম্বর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে টি-২০ সিরিজ শুরু করবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড। এরপর ৩০ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় এবং ২ জানুয়ারি নেলসনে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। 

শ্রীলংকার টি-২০ দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, আসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!