ছোটবেলা থেকেই বার্সেলোনায় বেড়ে ওঠেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি ক্লাবটিতে খেলেছেন দীর্ঘদিন। যেদিন বার্সা ছাড়েন, সেদিনও চোখের জল তিনি লুকাতে পারেননি। বার্সেলোনার প্রতি তার ভালোবাস, আবেগ যে এতটুকুও কমেনি।
বার্সার জার্সিতে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। এছাড়া লিগসহ মোট ৩৪টি মেজর শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। ক্যারিয়ারের ৮টি ব্যালন ডি’অরের মধ্যে ৭টিই তিনি জিতেছেন বার্সেলোনার জার্সিতে।
.png)
১৮৯৯ সালের ২৯ নভেম্বর যাত্রা শুরু করে বার্সেলোনা। এই ক্লাবটির সঙ্গেই জড়িয়ে আছে মেসির শৈশব। তিন বছর হয়ে গেলো তিনি ক্লাব ছেড়েছেন। তবে ক্লাবের প্রতি টান, ভালোবাসা, আবেগ সবই যে আগের মতোই আছে।
বার্সার জন্মদিন উপলক্ষে ‘থি ক্যাট’ নামে অনলাইন প্ল্যাটফর্মে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই মহাতারকা বলেন, ‘এটা একটা বিশেষ ক্লাব, অন্য সবার থেকে আলাদা। সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে এই জায়গায় এসেছে। কারণ, ফুটবলে ব্যাপারগুলো এইভাবে ঠিক করা হয়।’
মেসি আরো বলেন, ‘বার্সাকে যেভাবে ভালোবাসি এবং যেভাবে চাই, তা প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি ক্লাবটিকে অনুভব করি, সেই শহর, সেখানকার মানুষ এবং সব ভালোবাসা আমি মিস করি। আমি আশা করি, বার্সেলোনা তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং ক্লাবটিকে আরও বড় করে তুলতে পারবে।’
মেসির বেড়ে ওঠা বার্সেলোনাতেই। ১৩ বছর বয়স থেকেই লা মাসিয়াতে বড় হয়েছেন তিনি। এ বিষয়ে তার কথা, ‘আমি ১৩ বছর বয়স থেকেই লা মাসিতে বড় হয়েছি। সেখানে আমার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ একজন খেলোয়াড় এবং একজন ব্যক্তি হিসেবে তৈরি হতে সহযোগিতা করেছে।’
মেসি যোগ করেন, ‘আমি অনেক ভাগ্যবান যে, সৃষ্টিকর্তা আমাকে এখানে নিয়ে এসেছেন এবং অসাধারণ এই ক্লাবে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি। বার্সেলোনাকে প্রথম দল হিসেবে প্রতিনিধিত্ব করার অর্থ আমি ভালোবেসে ফেলেছি। এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি কাতালানকে অনুভব করি এবং বার্সেলোনাকে অনেক বেশি মিস করি।’