ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কে হচ্ছেন মেসিদের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১২, ২২ নভেম্বর ২০২৪
কে হচ্ছেন মেসিদের নতুন কোচ
ফাইল ছবি

মাত্রই আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করেছেন লিওনেল মেসি। ফিফার নভেম্বর উইন্ডোতে জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে পরাজয়ের স্বাদ পেয়েছেন তিনি। আর্জেন্টিনার জয়ের দিনে খবর এসেছে মেসির নিজ ক্লাব ইন্টার মায়ামির স্বদেশি কোচ টাটা মার্টিনো পদত্যাগ করেছেন।

পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসিস্পোর্টস জানিয়েছে, আগামী শুক্রবার (২২ নভেম্বর) জেরার্ডো মার্টিনো মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে একটি প্রেস কনফারেন্স করবেন। যদিও এখন পর্যন্ত টাটা কিংবা মায়ামি কর্তৃপক্ষ বিস্তারিত কিছুই জানায়নি। 

তবে সত্যিই যদি টাটা মার্টিনো পদত্যাগ করেন, তাহলে কে হবেন মেসি-সুয়ারেজদের হেড কোচ? এক্ষেত্রে বেশ কিছু নাম ভাসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানাচ্ছে, আলোচনায় রয়েছে বার্সেলোনার সাবেক কিংবদন্তি কোচ ও সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। 

এই তালিকায় আরো রয়েছেন সাবেক বার্সেলোনা খেলোয়াড় ও আর্জেন্টাইন কিংবদন্তি জাভিয়ের মাসচেরানো। এছাড়াও রয়েছেন ইন্টার মায়ামির সাবেক খেলোয়াড় ও মায়ামি যুবদলের কোচ ফেড্রিকো হিগুয়েইন। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি হেনরি। 

টাটা মার্টিনোর অধীনে মায়ামি ২০২৩ সালে লিগস কাপ ঘরে তোলে, যা যুক্তরাষ্ট্রে মেসি ও ক্লাব মায়ামির প্রথম শিরোপা। এরপর ২০২৪ মৌসুমে মায়ামি ইস্টার্ন কনফারেন্সে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে সাপোর্টারস শিল্ড জেতে, সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে এবং ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়। 

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!