জানা গেছে, ২৯ অক্টোবর চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
বর্তমানে ওমরাহ পালন করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি দেশে এলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
.png)
শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা বলেন, সে আমাদের জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে আর দলকে নেতৃত্ব দিতে চায় না।
এ নিয়ে শান্ত বলেন, দেখা যাক কী হয়। কারণ আমি এখনো সভাপতির কাছ থেকে শোনার অপেক্ষায় আছি।
এদিকে শান্ত সরে দাঁড়ালে কে হবেন নতুন অধিনায়ক তা নিয়ে রয়েছে আলোচনা। ধারণা করা হচ্ছে, এবার আর এক অধিনায়কের ওপর ভরসা করবে না বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হতে পারে তাওহীদ হৃদয়ের কাঁধে। আলোচনায় আছেন লিটোন কুমার দাসও। কারণ, অতীতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
এর আগে, শান্তকে কেবল এক ফরম্যাটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেছেন, শান্তর জন্য তিনটা ফরম্যাট হয়তো কঠিন হতে পারে। কারণ এখন আমরা প্রচুর ক্রিকেট খেলি। তিনটা ফরম্যাট একজনের জন্য চাপ হয়ে যায়। তার পারফরম্যান্সে চাপ পড়তে পারে। সেই চাপ কমানোর জন্য একটা ফরম্যাটে অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়া যায়। তবে অন্য যেই অধিনায়ক হোক, তাকে সহযোগিতা করতে হবে।