ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাটিংয়ে উন্নতি নিয়ে যা বললেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ২৪ অক্টোবর ২০২৪
ব্যাটিংয়ে উন্নতি নিয়ে যা বললেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৫০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ মাইলফলক স্পর্শ করেছেন মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক দলে খেলার সময় অলরাউন্ডার হিসেবে ভূমিকা রাখলেও জাতীয় দলে তাকে  স্পিনার হিসেবেই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে সামলান। নিয়মিত অবস্থান সাত বা আট নম্বরে ক্রিজে নামায় সীমিত সুযোগের মাঝে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে তিনি বেশ সফল।

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য পাননি সেঞ্চুরি। যদিও খেলেছেন ৯৭ রানের চমৎকার ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে আলাদাভাবে কাজের ফল পাচ্ছেন বলেই জানালেন।

‘আমাকে অনেক সময়ই নতুন বলে ব্যাটিং করতে হয়। ৮০ ওভারের পর (নতুন বলে) ব্যাট করতে হয়, বোলারদের নিয়ে ব্যাটিং করতে হয়। আমি সেখানে উন্নতি করার চেষ্টা করেছি, অনুশীলন করেছি। মানসিকভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি, যে কীভাবে ব্যাট করবো। কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকবো। আর শুধু টিকে থাকার জন্যই নয়। কীভাবে রান করতে, বোলারদের উপর দাপট দেখাতে পারবো, এসব বিষয় নিয়েও কাজ করেছি।’

Advertisement

‘আমার কাছে ভালো লাগছে যে, সুযোগ কাজে লাগাতে পারছি। কারণ আমি যেখানে ব্যাট করছি, কাজটা অনেক কঠিন। হয়তো আমি ভালো খেললে দল ভালো জায়গায় যাবে। খারাপ খেললে দল ফলাফল করবে না। মানসিকভাবে চেষ্টা করছি নিজে ভালো খেলতে। খেয়াল করেছি, আমি রান করলে দল উপকৃত হয়। এজন্য প্রতিটি দিন ব্যাটিংয়ে উন্নতি করতে চেষ্টা করছি। ক্যারিয়ারের শুরুতে আমার গড় ছিল দেড়। কিন্তু উন্নতি করার চেষ্টা করেছি এবং সেভাবে কাজ করছি।’ 

ব্যাটিংয়ে ছন্দে থাকলেও বল হাতে এবার উজ্জ্বল ছিলেন না মিরাজ। বিষয়টি স্বীকারে কার্পণ্য করেননি টাইগার অলরাউন্ডার। তার মলিন পারফরম্যান্স টেস্টের ফলে ভূমিকা রেখেছে বলেই তার মত।

‘আমরা যদি আরও ভালো বোলিং করতাম, বিশেষ করে আমি। তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসত না। আমিও অনেক ভালো বল করতে পারিনি। যে জিনিস আমার কাছ থেকে দল প্রত্যাশা করে যে ৬-৭ উইকেট নেবে, ম্যাচ জিতিয়ে দেবে, সেটা পারিনি।’ 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!