বাদ পড়ছেন বাবর
ব্যাট হাতে ছিলেন দারুণ ধারাবাহিকতা। এক সময় বিরাট কোহলির সঙ্গেই চলছিল তুলনা। অতীতের সেই সুসময় ফেলে একটানা রান খরায় ভুগছেন বাবর আজম। পাকিস্তানের ক্রিকেটের বড় নাম হয়ে ওঠা এই ক্রিকেটার এবার একাদশ থেকেই বাদ পড়তে চলেছেন।
মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের দিন গত ১১ অক্টোবর নির্বাচক কমিটি আবারো পুনর্গঠন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের প্রথম টেস্ট পরাজয়ের কয়েক ঘণ্টা পর লাহোরে নবগঠিত নির্বাচক কমিটিরব বৈঠকে সম্মিলিতভাবে বাবরকে বাদ দেওয়ার সুপারিশ আসে।
২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন বাবর। এরপর টেস্টে একটি হাফসেঞ্চুরিও হাঁকাতে পারেননি। তার বাদ পড়াটা যেন হয়ে উঠেছিল অবধারিত বিষয়। ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৩৫ রান করেন। ২০২৩ সাল থেকে গত টেস্ট পর্যন্ত নয়টি টেস্টে বাবরের গড় ২১-এর নিচে।
অধিনায়ক শান মাসুদ ও কোচ জেসন গিলেস্পি বাবরকে রাখার পক্ষে। কিন্তু নির্বাচক কমিটির অধিকাংশই বাবরকে বাদ দিতে চান। ২০১৯ সাল সেই প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি একটিও ম্যাচ খেলেননি। জাতীয় দল থেকে ছিটকে গেলে আসন্ন কায়েদ-ই-আজম ট্রফিতে তাকে দেখা যেতে পারে।