ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কোহলির আরো একটি রেকর্ড এখন বাবরের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৪
কোহলির আরো একটি রেকর্ড এখন বাবরের
বাবর আজম

ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার ব্যাটিং পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। চার ইনিংসে করেন মাত্র ৬৪ রান। সর্বোচ্চ রান ৩১। 

এমন পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে বাবরকে। এমনকি আওয়াজ উঠেছে সাদা বলের অধিনায়কত্ব কেড়ে নেয়ার। তবে দুই ফরম্যাটের কোচের মতামতের ভিত্তিতে টিকে যান তিনি ও শান মাসুদ। 

অবশেষে বাবর ব্যাট হাতে সমালোচকদের সমালোচনার জবাব দেয়া শুরু করেছেন। এই মুহূর্তে পাকিস্তানে চলছে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। সেখানে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। গতরাতে তুলে নিয়েছেন এক সেঞ্চুরি।

সবমিলিয়ে মাত্র ১০০ বলে ১০৪ রান করেছেন পাকিস্তানের এই অধিনায়ক। এই সেঞ্চুরিতে তিনি শুধু সমালোচনার জবাবই দেননি একটা রেকর্ডও গড়েছেন। যে রেকর্ডটির মালিক এতোদিন ছিলেন ভারতের বিরাট কোহলি। 

গতকালের সেঞ্চুরির সুবাদে বাবর এখন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৩০ সেঞ্চুরির মালিক। আগে রেকর্ডটি ছিল কোহলির দখলে। এই ম্যাচে স্ট্যালিয়নসের হয়ে খেলেন বাবর। তার সেঞ্চুরিতে স্ট্যালিয়নস ১৭৪ রানের বড় ব্যবধানে হারায় সরফরাজ আহমেদের ডলফিনসকে। 

বাবর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০টি সেঞ্চুরি করতে খেলেছেন ১৮০ ইনিংস। কোহলির করতে লেগেছিল ১৯৯ ইনিংস। এই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা, তিনি ২২৫ ইনিংস খেলেন।

এছাড়া এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৫৯ ইনিংস), ভারতের শিখর ধাওয়ান (২৬২ ইনিংস), শচীন টেন্ডুলকার (২৬৭ ইনিংস) ও রোহিত শর্মা (২৭৫ ইনিংস)।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!