হিসলপের মতে যিনি জিতবেন এবারের ব্যালন ডি’অর
ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। যেকোনো খেলোয়াড়ের কাছেই জীবনে একবারের জন্য হলেও ট্রফিটি পাওয়া সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। এ দুজনে মিলে নিজেদের শোকেসে জমা করেছেন ১৩টি ট্রফি।
এখন তাদের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। এরই মধ্যে এ দু’জন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।
সম্প্রতি শেষ হয়েছে কোপা-ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও লাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে ২০২৪ ব্যালন ডি’অরের হিসেবনিকেশে এসেছে বড় পরিবর্তন। শীর্ষ তিনে থাকা দুই জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।
কোপার শিরোপা জেতা ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ গোলডটকমের নির্বাচিত তালিকায় শীর্ষ পাঁচে চলে এসেছেন। অন্যদিকে ইউরোর আগে রেসে থাকা ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে রেস থেকে ছিটকে গেছেন।
সম্প্রতি ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। যেখানেই নেই মেসি ও রোনালদো। এবারের ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। প্রত্যাশিতভাবেই ৩০ জনের তালিকায় রয়েছেন তারা।
এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরো আছেন লাউতারো মার্টিনেজ, রদ্রি, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।
আপাতত কার হাতে উঠতে পারে ২০২৪ সালের ব্যালন ডি’অর ট্রফি, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এমন সময় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রিকেই ব্যালন ডি’অরজয়ী হিসেবে দেখছেন বলে জানিয়েছেন শাকা হিসলপ।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ও জনপ্রিয় ধারাভাষ্যকার জানিয়েছেন, রদ্রিকে শিরোপা জয়ে রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল ও জুড বেলিংহ্যামের সঙ্গে কঠিন প্রতিযোগিতা করতে হবে।
ইএসপিএন ইউকে ইউটিউবকে দেয়া এক সাক্ষাৎকারে শাকা হিসলপ বলেন, আমি রদ্রির পক্ষে আছি। যদিও ম্যান সিটি চ্যাম্পিয়নস লিগে পেনাল্টিতে রিয়ালের কাছে হেরে বিদায় নেয়। তবে আমরা রদ্রি ও সিটির সাফল্যের কথা দেখলে সেই মূলত দাবিদার।
তিনি আরো বলেন, তার রয়েছে স্পেনের হয়ে সাফল্য। আমি অনুভব করি যে এক্ষেত্রে রদ্রি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে ভিনিসিয়ুস, বেলিংহ্যাম এবং দানি কারভাহাল সবাই রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে।
রদ্রি বিগত মৌসুমে ১২ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫ গোল। ম্যান সিটির জার্সি গায়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে জিতেছেন ইউরো কাপের শিরোপাও।