মায়োর্কার সঙ্গে ১-১ গোলের ড্রয়ের পর নিজের হতাশা লুকাননি আনচেলত্তি। প্রায় ৬৭ শতাংশ সময় রিয়ালের কাছে বলের নিয়ন্ত্রণ থাকলেও ম্যাচটি হেরেও যেতে পারতো বলে মন্তব্য করেন।
স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গ্যালাক্টিকোদের কোচ বলেন, আমি ড্র নিয়ে খুশি নই। কারণ আমরা আরো ভালো করতে পারতাম। আমাদের আরো মনোভাব দেখাতে হবে। কিন্তু, আমি অজুহাত দিতে চাই না। এটা এমন একটি ম্যাচ ছিল, আমরা ভারসাম্য না থাকার কারণে হেরে যেতে পারতাম।
.png)
রিয়াল অবশ্য ১৩ মিনিটেই লিড পেয়েছিল। ভিনিসিয়ুসের অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ের শটে বল জালে জড়ান রদ্রিগো। বিরতির পর ৫৩ মিনিটে দানি রদ্রিগেজের কর্নার কিকে পাওয়া বলে হেডে লক্ষ্যভেদ করেন ভেদাত মুরিকী। সমতায় ফেরে মায়োর্কা।
হতাশাজনক ড্র থেকে শিক্ষা নেয়ার কথা জানিয়ে স্প্যানিশ জায়ান্টদের বস আরো বলেন, এই ম্যাচটা আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করতে পারে। মোটামুটি পরিষ্কার যে, ম্যাচে আমাদের সমস্যা ছিল।
আগামী ২৫ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা।