ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পেকে বরণে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫২, ১৬ জুলাই ২০২৪
এমবাপ্পেকে বরণে প্রস্তুত রিয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপ্পে

স্পেনে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত লস ব্লাঙ্কোসরা। 

প্রথমবারের মত নিজেদের মাঠে এমবাপ্পেকে রিয়ালের জার্সি গায়ে দেখতে ৮৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন সান্তিয়াগো বার্নাব্যু পুরোটাই কানায় কানায় পরিপূর্ণ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ঠিক এভাবেই ১৫ বছর আগে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নিয়েছিল মাদ্রিদ সমর্থকরা। ফরাসি তারকার জন্য আয়োজনটা এবার আরো একটু বড় পরিসরেই করা হচ্ছে।

Advertisement

এমবাপ্পেকে ঘরের মাঠে দেখতে ভক্ত-সমর্থকদের জন্য স্টেডিয়ামে প্রবেশে কোন টিকেটের ব্যবস্থা রাখা হয়নি। স্টেডিয়ামে আসার আগে এমবাপ্পে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সাথে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন।

এরপর রাতে স্টেডিয়ামে সমর্থকদের সামনে উপস্থিত হবেন এমবাপ্পে। তারপর রয়েছে সংবাদ সম্মেলন। যদিও তার নতুন সতীর্থরা সোমবার থেকে অনুশীলন শুরু করেছে। ইউরোতে তার নেতৃত্বেই সেমিফাইনাল পর্যন্ত খেলেছে ফ্রান্স।

রিয়ালের অনুশীলনে নামার আগে ক্লাবের চিকিৎসকরা এমবাপ্পের স্বাস্থ্য পরীক্ষা করবেন। বিশেষ করে গত ১৮ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই নাক ভেঙ্গে যাওয়ায় সেই বিষয়টি গুরুত্ব সহকারে মাদ্রিদে বিবেচনা করা হচ্ছে। 

এমবাপ্পের জন্য রিয়ালের আসাটা ছিল দীর্ঘ প্রতীক্ষার ফল। রিয়ালও বেশ কয়েকবারের প্রচেষ্টায় ফরাসি তারকাকে দলে ভেড়াতে সমর্থ হয়েছে। রিয়ালে এমবাপ্পে ৯ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন।

রিয়ালের আক্রমনভাগে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ও ব্রাজিলিয়ান অ্যাটাকার ভিনিসিয়ুস জুনিয়রের পাশে এমবাপ্পে নতুনভাবে যুক্ত হলেন। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল এখন এই ট্রায়ো নিয়ে কিভাবে এগিয়ে যায় তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়ালের লক্ষ্য সবাইকে নিয়ে তাদের শিরোপা ধরে রাখা। লা লিগারও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। আগামী ১৭ আগস্ট রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ক্লাবটি।

যদিও এমবাপ্পেকে মাঠে নামতে আরো এক সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে। রিয়াল ভায়াদোয়িদের বিপক্ষে ম্যাচ দিয়ে এমবাপ্পের রিয়াল অধ্যায় শুরু হতে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!